জাতীয়

আত্মহত্যা করতে চেয়ে তরুণীর পোস্ট, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

ঢাকা, ০৬ জানুয়ারি – পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এ ফোন দিয়ে আত্মহত্যা করতে চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়া এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার রূপনগরে এই ঘটনা ঘটে। পরে ওই তরুণীকে বুঝিয়ে তারই এক বান্ধবীর বাসায় রেখে আসা হয়। পারিবারিক মেটাতে তার স্বামীর সঙ্গেও কথা বলে পুুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর ফোকালপারসন ও পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ৯৯৯–এ একজন ব্যক্তি ঢাকার যাত্রাবাড়ী থেকে ফোন করে জানান, তিনি একজন সাংবাদিক, একটি ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করেন। তার সাবেক সহকর্মী এক তরুণী, যিনি একই টিভি চ্যানেলে সংবাদকর্মীর কাজ করতেন, তিনি ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন, তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন, বন্ধুদের তিনি বিদায় জানিয়েছেন এবং তার লাশ নেয়ার জন্য মিরপুরের রূপনগর যাওয়ার জন্যও বলেছেন। ওই ব্যক্তি জানান, তার সাবেক সহকর্মী বর্তমানে রূপনগর আবাসিক এলাকায় তার স্বামীর বাসায় আছেন। তিনি ৯৯৯–কে তার সহকর্মীকে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে রূপনগর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তার কথা বলিয়ে দেওয়া হয়। সংবাদ পেয়ে রূপনগর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন : পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী!

পরে রূপনগর থানার এসআই এনামুল ৯৯৯–কে ফোনে জানান, তিনি ঘটনাস্থলে আছেন, তরুণী তার জিম্মায় আছেন, তিনি তাকে বোঝানোর চেষ্টা করছেন। এরপর ৯৯৯ থেকে তরুণীর সঙ্গে ফোনে কথা বলা হলে কান্নায় ভেঙে পড়ে তরুণী জানান, তিনি বিকালে ঝিনাইদহ থেকে রূপনগরে তার স্বামীর বাসায় এসে পৌঁছান। কিন্তু বাসায় ঢুকতে গিয়ে দেখেন, তাঁর মেরিন ইঞ্জিনিয়ার স্বামী বাসার দারোয়ানকে বলে দিয়েছেন, তাকে যেন বাসায় ঢুকতে দেয়া না হয়। তরুণী জানান, কয়েক শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে তিনি বাসায় ঢুকতে পারছেন না, রাস্তায় দাঁড়িয়ে আছেন। তিনি আরও জানান, তিনি তাঁ স্বামীর কারণে মিডিয়ার চাকরি ছেড়ে দিয়েছেন এবং তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার চিন্তা করেছেন এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

৯৯৯ তরুণীকে তার প্রয়োজনীয় সব আইনি সহায়তার আশ্বাস দেয় এবং আত্মহত্যার মতো কোনো পদক্ষেপ না নেয়ার জন্য অনুরোধ জানায়। পরে এসআই এনামুল ৯৯৯–কে জানান তিনি তরুণীকে রূপনগরে তার এক বান্ধবীর বাসায় পৌঁছে দিয়েছেন। এনামুল জানান, তরুণীর স্বামীর সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন এবং তিনি (তরুণীর স্বামী) তাকে জানিয়েছেন ঢাকায় ফিরে তিনি বিষয়টি মীমাংসা করে নেবেন।

সূত্র : ঢাকাটাইমস
এন এ/ ০৬ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language