জাতীয়

১৩ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা মীর নাসিরের জামিন

ঢাকা, ০৩ জানুয়ারি- দুর্নীতির মামলায় ১৩ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদেশের পর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আদালত মীর নাসিরকে জামিন দিয়েছেন।

এর আগে গত ১৩ ডিসেম্বর দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের জামিন আবেদনের শুনানি আজকের দিন পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর গুলশান থানায় মামলা করে দুদক। মামলায় বিশেষ জজ আদালত মীর নাসিরকে ১৩ বছর ও মীর হেলালকে ৩ বছরের কারাদণ্ড দেন।

আরো পড়ুন:  দেশের সড়ক ও মহাসড়কে চালু হচ্ছে টোল আদায়

এরপর মীর নাসিরকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের কারাদণ্ড এবং মীর হেলালকে দেওয়া ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে গত বছরের ১৯ নভেম্বর রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের এ রায় বিচারিক আদালতে পৌঁছার তিন মাসের মধ্যে তাদের সেখানে (বিচারিক আদালত) আত্মসমর্পণ করতে বলা হয়। চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।

পরে গত ৮ নভেম্বর দণ্ডিত বিএনপির নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে কারাগারে পাঠান আদালত। ওইদিন তিনি আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ এস এম রুহুল ইমরান এ আদেশ দেন।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/৩ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language