বলিউড

বছরের যে তিন মাস কোনো কাজে হাত রাখেন না সাইফ-কারিনা

মুম্বাই, ২৭ ফেব্রুয়ারি – ২০১২ সালে কারিনা কাপুরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাইফ আলি খান। বি টাউনে এ জুটি জনপ্রিয়তা পেয়েছেন ‘সাইফিনা’ হিসেবে।

সাইফের থেকে ১০ বছরের ছোট কারিনা। বিয়ের সময় থেকেই বয়সের ফারাক এবং ভিন্ন ধর্মে গাঁটছড়া বাঁধা নিয়ে নানা কটাক্ষ শুনতে হয় বলিউডের এই জুটিকে। তবুও বিয়ের প্রায় ১২ বছর পার করে দিয়েছেন তারা।

বর্তমানে দুই ছেলেকে নিয়ে তাদের সংসার। সন্তানদের নিয়ে ব্যস্ততা, নিজেদের ক্যারিয়ার সব দিক পাল্লা দিয়ে সামলাচ্ছেন এই দম্পতি। তবে বছরে তিন মাস তারা কাজের বাইরে থাকেন। সেই সময় কোনো কাজ রাখেন না নবাব ও তার বেগম।

কারিনা এবং সাইফ—দুজনই অভিনয় জগতের মানুষ। ছবির শুটিং না থাকলেও সারা বছর নানা রকম ব্যস্ততা থাকেই। তবু তার মাঝে সময় করে শরীরচর্চা, কেনাকাটা, পরিবারের সঙ্গে সময় কাটানো—সব দিক বজায় রাখেন কারিনা। এর মধ্য থেকেই সময় করে প্রায়ই বাচ্চাদের নিয়ে ঘুরতেও যান।

বিয়ের এত বছর পরও তাদের দাম্পত্যের সমীকরণ অটুট। কিন্তু বছরে তিন মাসে হাতে কাজ রাখেন না তারা। এই সময়টা দুই ছেলেকে সময় দেন সাইফ-কারিনা।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘জুন থেকে আগস্ট আমার দুই ছেলের স্কুল ছুটি থাকে। এই সময়টায় আমরা ছেলেদের নিয়ে ঘুরতে যাই। গোটা সময়টা তাদের দিই।’

এমনিতেই প্রতি মুহূর্তে স্বামী-সন্তান নিয়ে জীবন উপভোগ করেন কারিনা। পরিবারকে সময় দিতে ভালবাসেন। এ প্রসঙ্গে কারিনা জানান, সপ্তাহের একটি দিন কোনো কাজ না রাখার চেষ্টা করেন সাইফও। তার কথায়, ‘পরিবারের সঙ্গে সময় কাটানোর থেকে ভাল আর কিছু হতে পারে না।’

আইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language