ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করলেন জেলেনস্কি

কিয়েভ, ০৯ ফেব্রুয়ারি – ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করেছেন ভলোদিমির জেলেনস্কির সরকার। দেশটির প্রেসিডেন্ট এর মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে প্রায় দু’বছর ধরে চলা যুদ্ধে বড় ধরনের সামরিক পরিবর্তন আনলেন।
এদিকে জালুঝনির জায়গায় এখন শীর্ষ কমান্ডার পদে দায়িত্ব নেবেন ওলেকজান্দার সাইস্কায়ি। তিনি ২০১৯ সাল থেকে ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন জানায়, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ চালাতে একের পর এক ব্যর্থতা, নতুন করে রাশিয়ার হামলা ঠেকাতে না পারা, জনশক্তি ও যুদ্ধসরঞ্জাম ঘাটতি এবং কংগ্রেসে যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত হওয়ার জেরে জেলেনেস্কি ও জালুঝনির মধ্যে টানাপোড়েন চলছিল।
জালুঝনিকে বরখাস্তের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার আগে এক টেলিগ্রাম পোস্টে জেলেনেস্কি জানান, জালুঝনির সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন এবং বৈঠকে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য কি ধরণের পদক্ষেপ নেয়া জরুরী সে বিষয়ে আলোচনা করেছেন।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জেনারেল জালুঝনিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে বড় যুদ্ধের সময় ইউক্রেনের সেনাবাহিনীকে নেতৃত্ব দেয়ার মতো কঠিন দায়িত্ব পালন করেছেন জেনারেল ভ্যালেরি জালুঝনি। কিন্তু সবসময় এক থাকে না। যুদ্ধ পাল্টায় এবং পরিবর্তন দাবি করে। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের যুদ্ধ তিনটি ভিন্ন বাস্তবতা। ২০২৪ নতুন পরিবর্তন আনবে, এজন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। নতুন পন্থা, নতুন কৌশল প্রয়োজন।
তিনি আরও লিখেছেন, আজ, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজনীয়তায় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেনারেল জালুঝনির অর্জন ও সাফল্যের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৪









