ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২২

ঢাকা, ২৭ জানুয়ারি – দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন রোগীদের মধ্যে পাঁচজন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং বাকিরা ঢাকার বাইরে। বর্তমানে রাজধানীতে ৫০ জনসহ মোট ১৩৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর এখন পর্যন্ত ৯৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া গত বছরের সেপ্টেম্বর মাস ছিল ডেঙ্গু প্রাদুর্ভাবের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস। সেসময় ৩৯৬ জনের মৃত্যু এবং ৭৯ হাজার ৫৯৮ জন আক্রান্ত হয়েছিল।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৭ জানুয়ারি ২০২৪









