জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লালের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই

ঢাকা, ১৭ জানুয়ারি – স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।

বুধবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক মাধ্যম ফেসবুকে নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন। স্বাস্থ্যমন্ত্রীর পরিচয় ব্যবহার করে সমাজের বিভিন্ন সম্মানী ব্যক্তির মেসেঞ্জার গ্রুপে অসাধু উদ্দেশ্যে যোগাযোগ করার চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে সামাজিক মাধ্যম ফেসবুকে বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় ঘোষণা করা যাচ্ছে যে, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে খোলা সব ফেসবুক অ্যাকাউন্ট অবৈধ, ভুয়া ও প্রতারণামূলক। এসব অ্যাকাউন্ট থেকে দেশের জনগণকে বিভ্রান্ত ও প্রতারিত না হতে সতর্কতা অবলম্বনের অনুরোধ রইল।

সূত্র: কালবেলা
আইএ/ ১৭ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language