ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের নামে স্লোগান দিতে ভারতীয় পুলিশের বাধা

নয়াদিল্লি, ২১ অক্টোবর – রাজনৈতিকভাবেই বৈরী সম্পর্ক ভারত ও পাকিস্তানের। এক দেশকে আরেক দেশ চিরশত্রু ভাবে। এই চিরশত্রু ভারতের মাটিতেই পাকিস্তান এবার বিশ্বকাপ ক্রিকেট খেলছে। যেখানে বেশ কয়েকবার তাদের বিরুদ্ধে পাকিস্তান ইস্যুতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। ভারতের বিপক্ষে গত ১৪ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হয়েছিল পাকিস্তান। ভারতের একপেশে জয়ের ম্যাচটিতে গ্যালারিতে ছিল না কোনো পাকিস্তানি সমর্থক। কারণ তখনও যে দেশটির সমর্থক ও সাংবাদিকরা ভিসা দেওয়া হয়নি। এরপর শুক্রবার (২০ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে উঠেছে আরও গুরুতর অভিযোগ। দেশটির এক সমর্থকের দাবি, তাকে পাকিস্তানের নামে স্লোগান দিতে নিষেধ করেছে স্টেডিয়ামে কর্মরত পুলিশ।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের ১৮তম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে এদিন অস্ট্রেলিয়া ৩৬৭ রানের পাহাড় গড়ে। তাদের হয়ে জোড়া সেঞ্চুরি করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। অজিদের এই রান পাহাড়ের জবাবে রান তাড়ায় ভালো শুরুর পরও ৬২ রানে পরাজয় মেনে নিতে হয় বাবর আজমের দলের।

এরই মাঝে ম্যাচ চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ম্যাচে গ্যালারিতে থাকা পাকিস্তান এক সমর্থককে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে না দিয়ে আলোচনায় এক ভারতীয় পুলিশ। এ নিয়ে সেই সমর্থকের সঙ্গে পুলিশ সদস্যের বেশ তর্কও হয়েছে। পুরো ঘটনাটি ভিডিও করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার মমিন সাকিব। পরে সাকিবের ভিডিওর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’।

সাকিবের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরা এক সমর্থক পুলিশকে বলেছেন, ‘ভারত মাতা কি জয় বলতে পারলে পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে না কেন?’ তখন সেই পুলিশ সদস্য বলেন, ‘ভারত মাতা কি জয় ভালো, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ ভালো না।’ তখন সেই সমর্থক প্রত্যুত্তরে বলেন, ‘কেন নয়? পাকিস্তান থেকে এসেছি, পাকিস্তান খেলছে, তাহলে পাকিস্তান জিন্দাবাদ না বলে কী বলব?’

সাকিব মোমিন লিখেছেন, ‘এটি খুবই আতঙ্ক এবং হতাশার যে ‘‘পাকিস্তান জিন্দাবাদ’’ স্লোগান দেওয়া থেকে আমাকে বিরত থাকতে বলা হয়েছে। খেলার মাঠে আমরা যা দেখি, এটি তার সম্পূর্ণ বিরোধী।’

এছাড়া আরেকটি ভিডিওতে পাকিস্তানের সমর্থনে লেখা পোস্টার সরিয়ে ফেলতে বলার ‍অভিযোগ করা হয়েছে। স্বাভাবিকভাবে পাকিস্তানের সমর্থক কম থাকায় ভারতীয়দেরও অনেকে পাকিস্তানের সমর্থনে পোস্টার নিয়ে এসেছে। যেখানে বাবর আজমের জন্য তাদের স্লোগান দিতে দেখা যায়। তবে আরেক ভিডিওতে দেখা যায় পুলিশ স্টেডিয়ামে থাকা সমর্থকদের কাছ থেকে পোস্টারগুলোও ছিনিয়ে নেয়।

সূত্র: কালবেলা
আইএ/ ২১ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language