পাকিস্তান-অস্ট্রেলিয়া উত্তাপের ম্যাচ আজ

নয়াদিল্লি, ২০ অক্টোবর – বিশ্বকাপে আজ বড় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। দুদলেরই নিজেদের চতুর্থ ম্যাচ এটি। এরই মধ্যে তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়া জয় পেয়েছে একটিতে। প্রথম দুই ম্যাচে জয় পাওয়ার পর গত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছেন বাবর আজমরা। অন্যদিকে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছিল অস্ট্রেলিয়া। গত ম্যাচে শ্রীলংকার বিপক্ষে কষ্টের জয় তুলে নেয় তারা। তাই অস্ট্রেলিয়া ও পাকিস্তান- দুই দলের শিবিরে দুই রকমের চিত্র। আজ জয়ের ছন্দ ধরে রাখতে চাইবেন অস্ট্রেলিয়ানরা। অন্যদিকে গত ম্যাচে হারের হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্য পাকিস্তানিদের। ফলে দুদলের ম্যাচটিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা যে হতে যাচ্ছে, এটি নিঃসন্দেহে বলা যায়। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় দুদলের ম্যাচটি শুরু হবে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে মিশন শুরু করে পাকিস্তান। পরের ম্যাচে বিশ্বকাপে রেকর্ড জয়ের দৃষ্টান্ত দেখায় তারা। শ্রীলংকার দেওয়া ৩৪৫ রান টপকে জয় তুলে নেওয়ার কীর্তি গড়ে বাবর আজমের দল। বিশ্বকাপে রান তাড়ায় নতুন রেকর্ড গড়েছে পাকিস্তান। এতদিন বিশ্বকাপে রান তাড়ায় জয়ের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের দখলে। ২০১১ সালে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ রান তাড়া করে ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল আয়ারল্যান্ড। শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের রেকর্ড জয়ে মোহাম্মদ রিজওয়ান অনবদ্য ১৩১ রান ও আব্দুল্লাহ শফিক ১১৩ রান করেন। কিন্তু গত ম্যাচে তারা ব্যাটিংয়ে ভালো করতে পারেননি। ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৫৫ রান তুলে ভালো অবস্থায় ছিলেন পাকিস্তানিরা। এর পর ব্যাটিংয়ে ধস নামে তাদের। ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের কাছে হারের দুঃস্মৃতি ভুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে এখন সব মনোযোগ পাকিস্তানের। অজিদের বিপক্ষে জিততে হলে ব্যাটার-বোলারদের একত্রে জ্বলে উঠতে হবে বলে মনে করেন পাক অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। জয়ের ধারা অব্যাহত রাখতে মুখিয়ে থাকবে তারা। আমরা যদি, ব্যাটিং-বোলিংয়ে শতভাগ উজাড় করে দিতে পারি, তা হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয়। আমাদের ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে।’ ভারতের কাছে ৬ উইকেটে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ১৩৪ রানের ব্যবধানে পরাজিত হয় অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে জয়ের দেখা পান অসিরা। প্রথমে ব্যাট করে উদ্বোধনী জুটিতে ১২৫ রান তুলে ফেলে শ্রীলংকা। এর পর ব্যাটিং ধসে ৮৪ রানে ১০ উইকেট হারান লংকানরা। অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পা ৪ উইকেট নেন। জবাবে ৮৮ বল বাকি থাককে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। শ্রীলংকার বিপক্ষে জয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবেন অজিরা। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ‘প্রথম দুই ম্যাচে হারলেও আমরা ভেঙে পড়িনি। খুব দ্রুতই জয়ের দেখা পেতে চেয়েছিলাম। শ্রীলংকার বিপক্ষে জয়টি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। পুরোপুরি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব এবং টানা দ্বিতীয় জয়ের ব্যাপারে দল আশাবাদী।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান শিবিরে স্বস্তির আবহাওয়া। জ্বর থেকে সুস্থ হয়ে দলের অনুশীলনে যোগ দিয়েছেন দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম তিন ম্যাচে বল হাতে খুব বেশি প্রভাব রাখতে পারেননি আফ্রিদি।
সূত্র: আমাদের সময়
আইএ/ ২০ অক্টোবর ২০২৩









