নোয়াখালী

দরজা খুলতেই মিলল আ. লীগ নেত্রীর ছেলের অর্ধগলিত মরদেহ

নোয়াখালী, ১৯ অক্টোবর – নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ সভানেত্রীর ছেলে হাসান পিয়াসের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাসান পিয়াস উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আমিন উল্লার ছেলে। তার মা সাজেদা কানন একই ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াস বিদেশে থাকতেন। সম্প্রতি তিনি দেশে ফিরে বিয়ে করেন। পিয়াস পুনরায় বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এরই মধ্যে মাদকে আসক্ত হয়ে পড়ায় স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য সৃষ্টি হয়। এর জেরে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়।

গত দুইদিন পিয়াসের ফোন বন্ধ থাকায় কেউ যোগাযোগ করতে পারেনি। বৃহস্পতিবার সকালে শফিউল্যাহ মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে অতিরিক্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা দরজা খুলে পিয়াসের ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৯ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language