প্রোটিয়াদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল ডাচরা

নয়াদিল্লি, ১৭ অক্টোবর – ভারতে অনুষ্ঠিত আইসিসি ওডিআই বিশ্বকাপের ১৩তম আসলের ১৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস। যেখানে আগে ব্যাট করে প্রোটিয়াদের কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ডাচরা। কার্টেল ওভারের ম্যাচে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান সংগ্রহ করে ডাচরা। এতে প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৬ রান।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
ম্যাচে বৃষ্টির কারণে একঘণ্টা বিলম্বে টস হলেও ম্যাচ মাঠে গড়াতে সময় চলে যায় দুই ঘণ্টারও বেশি। ফলে ৪৩ ওভারে চলে যায় ম্যাচটি। টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ২৭ ওভারে ১১২ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসেছিল ডাচরা। সেখান থেকে তারা দাঁড় করালো ২৪৫ রানের পুঁজি, ৪৩ ওভারেই!
নেদারল্যান্ডসকে এই বড় রান এনে দেওয়ার কারিগর অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৬৯ বলে ১০ চার আর ১ ছক্কায় ৭৮ রানের হার না মানা এক ইনিংস খেলেন তিনি। এছাড়া শেষদিকে রয়্যালফ ফন ডার মারউই ১৯ বলে ২৯ আর আরিয়ান দত্ত ৯ বলেই ৩ ছক্কায় খেলেন অপরাজিত ২৩ রানের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন আর কাগিসো রাবাদা নেন দুটি করে উইকেট।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ অক্টোবর ২০২৩









