ক্রিকেট

চাঞ্চল্যকর ঘটনা, হাথুরুর সংবাদ সম্মেলনে ‘ঢুকে পড়লেন’ তামিম ইকবাল!

ঢাকা, ১১ অক্টোবর – একবারে একপেশে এক ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে হেরেছে বাংলাদেশ। ১৩৭ রানে এই হারের দিনে ন্যূনতম লড়াইও দেখাতে পারেনি টাইগাররা। তাই স্বাভাবিকভাবেই এমন ম্যাচে দলের সংবাদ সম্মেলনে কম মনোযোগ থাকার কথা ভক্ত-সমর্থকদের। তবে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে বেশ কিছুটা চাঞ্চল্য দেখা গেছে।

এর মূল কারণ সেখানে ‘হাজির’ হয়েছিলেন বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদপড়া সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। মূলত অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারের সময় সেখানে যুক্ত হন এই ওপেনার।

মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন হাথুরু। ধর্মশালা থেকে আইসিসির অফিশিয়াল ফেসবুক পেজ সেই সম্মেলনটি সরাসরি প্রচার করছিল। এই সময়ে দেখা যায় তামিম ইকবালও দেখছেন সেই সংবাদ সম্মেলনটি।

বিশ্বকাপ স্কোয়াডে তামিমের জায়গা না হওয়ায় নানান সমালোচনা হয়। গুঞ্জন উঠে, পুরোপুরি ফিট না থাকায় কোচ হাথুরু ও অধিনায়ক সাকিব আল হাসানের চাওয়াতেই বাদ গেছেন তামিম। তবে বাদ পড়লেও বিশ্বমঞ্চে সাকিব বাহিনীর খোঁজখবর রাখছেন তামিম। যার প্রমাণ হাথুরুর এই লাইভ সংবাদ সম্মেলন দেখা।

সংবাদ সম্মেলনে হাথুরুর কাছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে লঙ্কান এই কোচের মন্তব্য, তানজিদ তামিম এই দুই ম্যাচে রান করেনি। কিন্তু সে তো প্রস্তুতি ম্যাচে ঠিকই রান করেছে। দুই ইনিংস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে যাচাই করলে আজকে মালানের এই ইনিংসটা খেলা হতো না। আন্তর্জাতিক ক্রিকেটে সবাইকে সময় দিতে হয়। দলের ব্যাটাররা ফর্মে আছে। আশা করছি, সামনের ম্যাচগুলোতে দল হিসেবে পারফর্ম করব।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১১ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language