ইসলাম

যেসব পুরস্কার নিয়ে ফেরেন হাজিরা

হজ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরছেন সম্মানিত হাজিরা। যাদের হজ কবুল হবে তাদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে অসংখ্য পুরস্কারের ঘোষণা রয়েছে। যা হাজিদেরকে দুনিয়া ও আখেরাতে বিশেষ মর্যাদায় উন্নীত করে।

যার হজ কবুল হয়েছে তিনি জন্মের সময়ের মতো নিষ্পাপ হবেন। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, আমি হজরত মুহাম্মদ (সা.)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল এবং অশালীন কথাবার্তা ও গুনাহ হতে বিরত থাকল, সে সেদিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। (সহিহ বুখারি: ১৫২১)

কবুল হজের প্রতিদান হিসেবে হাজিদের জন্য রয়েছে সম্মানিত জান্নাত। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, এক ওমরার পর আরেক ওমরা উভয়ের মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারা। আর জান্নাতই হলো কবুল হজের প্রতিদান। (সহিহ বুখারি : ১৭৭৩)

একজন হাজিকে আল্লাহ অসীম সওয়াবের অধিকারী করেন। তিনি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হন। এটি উত্তম সংগ্রাম। আয়েশা (রা.) বলেন, আমি বললাম হে আল্লাহর রাসুল, আমরা আল্লাহর পথে সংগ্রাম করাকে সর্বোত্তম আমল মনে করি। তবে কি আমরা আল্লাহর পথে সংগ্রাম করব না? হজরত মুহাম্মদ (সা.) বললেন, তোমাদের জন্য উত্তম সংগ্রাম হচ্ছে কবুল হজ। (বুখারি: ২৭৮৪)

হাজিদের দোয়া আল্লাহ কবুল করেন। তাদেরকে আল্লাহ তায়ালা নিরাপদে রাখেন। হজরত মুহাম্মদ (সা.) বলেন, হজ ও ওমরার যাত্রীরা আল্লাহর প্রতিনিধিদল। তারা তার কাছে দোয়া করলে তিনি তাদের দোয়া কবুল করেন এবং তার কাছে মাফ চাইলে তিনি তাদের ক্ষমা করেন। (ইবনে মাজাহ: ২৮৯২)

যার হজ কবুল হয় আল্লাহ তাকে প্রাচুর্য দান করেন। হজরত মুহাম্মদ (সা.) বলেন, তোমরা ধারাবাহিকভাবে হজ ও ওমরা আদায় করো। কেননা এ দুটি ধারাবাহিকভাবে আদায় করলে তা দারিদ্র্য ও গুনাহ দূরীভূত করে, হাঁপর যেমন লোহার মরিচা দূর করে। (ইবনে মাজাহ: ২৮৮৭)

আবু হুরায়রা (রা.) বলেন, হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, তিন ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় থাকেন। যে ব্যক্তি কোনো মসজিদের উদ্দেশে বের হয়, যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করতে বের হয় এবং যে ব্যক্তি হজ করতে বের হয়। (মুসনাদে হুমাইদি: ১০৯০)

হজ হচ্ছে সর্বোত্তম আমল। এটি হাজিকে উচ্চ মর্যাদা দান করে। হাজিদের নিয়ে আল্লাহ গর্ব করেন। আল্লাহ তায়ালা সব হাজির হজ কবুল করুন এবং হজ পরবর্তী জীবনে বেশি বেশি পরহেজগারিতা অর্জনের সক্ষমতা দান করুন। আমিন।

আইএ

Back to top button
🌐 Read in Your Language