রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় ২ নারী নিহত

ঢাকা, ০১ জুলাই – রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ২ নারী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর জিংজিয়ান রেস্টুরেন্টের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মিনারা বেগম। আর গুরুতর আহত অবস্থায় মনি বেগমকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার মো. মাহবুবুর রহমান জানান, জিংজিয়ান রেস্টুরেন্টের সামনে কয়েকজন পথচারী রাস্তা পার হওয়ার সময় বিনিময় পরিবহনের একটি বাস ওই দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজন মারা গেছেন।
নিহত মনি বেগমের স্বামী বাদশা মিয়া জানান, তাদের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে দক্ষিণখান গাওয়াইল এলাকায় থাকেন। তার স্ত্রী মনি বেগম অন্যের বাড়িতে কাজ করেন। সকালে মেয়ে মিমকে (১৮) সাথে নিয়ে উত্তরার একটি হাসপাতালে যাচ্ছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়।
আর নিহত মিনারা বেগমের স্বামীর নাম আব্দুল হাকিম। বর্তমানে দক্ষিণখান বিদুর বাড়ি এলাকায় থাকতেন তিনি।
বিমান্দবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন মোল্লা জানান, বাসটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে এর চালককে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ জুলাই ২০২৩









