মঞ্চনাটক চলাকালে ১৮ শিল্পী অসুস্থ, হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জ, ২৭ জুন – চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে মঞ্চনাটক চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ১৮ অভিনয়শিল্পী। পরে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল।
তিনি জানান, একাডেমিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “ফলাফল নিম্নচাপ” চলাকালে হঠাৎ ১৮ অভিনয় শিল্পী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিম ইফতেখার বলেন, শিল্পীদের অসুস্থতার কারণ এখনও জানা যায়নি। তবে কোনো কেমিক্যাল কিংবা পাউডার থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিভিল সার্জন ড. এসএম মাহমুদুর রশিদ বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে এলার্জিক রিঅ্যাকশন বলে। এলার্জির কারণে চুলকানির সৃষ্টি হয় এতে অসুস্থ হয়ে পড়েন রোগীরা।
তবে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব জানান, শিল্পীদের পোশাক ও পোশাক রাখার জায়গা অত্যন্ত নোংরা ছিল বলে শুনেছি। বিষয়টি পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৭ জুন ২০২৩









