টেনশনেও নেই, রিল্যাক্সেও নেই স্পর্শিয়া

ঢাকা, ১৬ ডিসেম্বর- ওটিটি প্ল্যাটফর্ম ‘আই থিয়েটার’-এ মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘নবাব এলএলবি’। শুরু থেকেই আলোচিত সিনেমাটি। সেলিব্রেটি প্রডাকশনের ব্যানারে এটি পরিচালনা করেছেন অনন্য মামুন।
সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। আইনজীবী হয়ে নির্যাতিত নারীর পক্ষে লড়তে দেখা যাবে তাকে। তার সঙ্গে আইনজীবী চরিত্রে দেখা যাবে মাহিকেও। তাদের সঙ্গে একজন নির্যাতিত নারী চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। ট্রেলার মুক্তির পর থেকেই আলোচিত তিনি। সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে চলছে আলোচনা।
সিনেমাটি মুক্তির আগে অর্চিতা স্পর্শিয়া বলেন, টেনশনেও নেই, রিল্যাক্সেও নেই। খুশি সিনেমা অ্যাপে রিলিজ হচ্ছে। একটু খারাপ লাগছে, যে হলে আসছে না। হলের মজা তো হলেই। তাও মানুষ দেখুক। কষ্টের সিনেমা, অ্যাপে হলেও দেখুক। ভালো সিনেমা মানুষ দেখুক এটাই চাওয়া।
এর আগে অনন্য মামুনের সঙ্গে আরও দুটি সিনেমায় অভিনয় করেছেন স্পর্শিয়া। সে হিসেবে পরিচিত টিমের সঙ্গে তৃতীয় কাজ তার। কেমন লেগেছে শাকিব-মাহির সঙ্গে অভিনয় করে? জানতে চাইলে অর্চিতা স্পর্শিয়া বলেন, শাকিব খান আর মাহির সঙ্গে এটি আমার প্রথম কাজ। মাহির সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আর শাকিব খানের সঙ্গে কাজ করে বেশি ভালো লেগেছে।
আরও পড়ুন : হানিফ সংকেতের নির্দেশনায় ‘মুক্তির কথা বিজয়ের গান’
এর আগে, অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ এবং ‘বন্ধন’ সিনেমায় অভিনয় করেছিলেন স্পর্শিয়া। ২০১১ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করা এ অভিনেতা ছোটপর্দাকে বিদায় জানিয়েছেন ঘোষণা দিয়েই। বড়পর্দা কেন্দ্রিক তার সব চিন্তা ভাবনা। ‘ইতি তোমারই ঢাকা’, ‘কাঠবিড়ালী’ সিনেমাতে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন অর্চিতা স্পর্শিয়া।
আডি/ ১৬ ডিসেম্বর









