জাতীয়

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের দেখতে গেলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঢাকা, ২৪ এপ্রিল – থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার তিনি হাসপাতালটিতে গিয়ে আহতদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের বর্তমান শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহত যোদ্ধা ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি তাদের মানসিক মনোবল বাড়াতে মন্ত্রী ব্যক্তিগতভাবেও উদ্যোগ গ্রহণ করেছেন।

চিকিৎসাধীন বিপ্লবীদের সহায়তায় তিনি তার নিজস্ব তহবিল থেকে এক লাখ থাই বাথ প্রদান করেছেন।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language