গোপালগঞ্জ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪

গোপালগঞ্জ, ২৮ নভেম্বর- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ১৯ যাত্রী।

শনিবার বেলা ১২টার দিকে গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাছিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৩ জন বাসযাত্রী ও একজন ভ্যান চালক নিহত হন। ১৯ জন আহত হয়। নিহতদের মধ্যে ভ্যানচালক আকাম উদ্দিন ছাড়া বাকি ৩ জনের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/২৮ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language