ঢাকা

বোটানিক্যাল গার্ডেনে নিয়ে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা

ঢাকা, ০১ জানুয়ারি – রাজধানীর মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে এক নারীকে গলাকেটে হত্যা করেছেন তার সাবেক স্বামী। নিহত নারীর নাম ফারজানা আরফিন তুলি (২৫)। রোববার (১ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটায় বোটানিক্যাল গার্ডেনের নির্জন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত তুলির সাবেক স্বামী সাইদুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিদুল বলেন, গ্রেফতার সাইদুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সাইদুলের দ্বিতীয় স্ত্রী ছিলেন তুলি। গত জুন মাসে দুজনের ছাড়াছাড়ি হয়। ডিভোর্সের পরেও তুলি বিভিন্ন সময় সাইদুলের প্রথম স্ত্রীকে ফোন দিয়ে জানায়, তার সঙ্গে এখনো সম্পর্ক রয়েছে। প্রায় তাদের মধ্যে কথা ও দেখাশোনা হয়।

তিনি বলেন, এসব শোনার পর সাইদুলের প্রথম স্ত্রীর সঙ্গে কলহ চলতে থাকে। এর জেরে আজ বোটানিক্যাল গার্ডেনে ডেকে নিয়ে যায় তুলিকে। সেখানে তাদের মধ্যে কথাবার্তা চলাকালে ঝগড়া হয়। এরপর পকেট থেকে চাকু বের করে গলায় আঘাত করলে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তুলি। খবর পেয়ে স্থানীয়রা সাইদুলকে আটক করে পুলিশে খবর দেয়। তুলিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মহিদুল আরও জানান, তুলির সুরতহাল করা হয়েছে। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত তুলির গ্রামের বাড়ি নেত্রকোনায়। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকতেন তিনি। সাইদুলের বাড়ি ময়মনসিংহ জেলায়। সেখান থেকে এসে তুলিকে গলা কেটে হত্যা করেন তিনি।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ০১ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language