ক্রিকেট

নিউজিল্যান্ড সফররত ৬ পাকিস্তানি ক্রিকেটারের করোনা শনাক্ত

ওয়েলিংটন, ২৬ নভেম্বর- পাকিস্তানের বিপক্ষে টি-২০ এবং টেস্ট সিরিজ দিয়ে করোনাকালে ক্রিকেট শুরু করতে যাচ্ছে নিউজিল্যান্ড। কিন্তু সেই সিরিজ এরই মধ্যে হুমকির মুখে পড়ে গেছে। এমনকি নিউজিল্যান্ডের স্বাস্থ্য সুরক্ষার ওপরও ধাক্কা দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

নিউজিল্যান্ড সফরে গিয়ে দলটির ছয় সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের বিপক্ষে নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়েছে। পাকিস্তানের ক্রিকেটাররা লাহোর ছাড়ার আগে চারবার করোনা পরীক্ষা দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কিন্তু নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য থেকে বলছে, আক্রান্ত ছয়জনের মধ্যে দু’জন পুরনো রোগী। বাকি চারজন নতুন করে আক্রান্ত হয়েছেন। পাকিস্তান ক্রিকেট দলকে তাই কিউই সরকার বিশেষ বার্তা দিয়েছে। এছাড়া তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে আইসোলেশনে।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এটা পাকিস্তান দলের জন্য শেষ সতর্কবার্তা। করোনার মধ্যে নিউজিল্যান্ডে তারা ক্রিকেট খেলতে এসেছে বলে আমরা তাদের ধন্যবাদ দিতে চাই। কিন্তু তাদের মোটেও নিয়ম ভাঙা চলবে না।

নিউজিল্যান্ড সফরে তিনটি টি-২০ এবং দুটি টেস্ট খেলার কথা পাকিস্তানের। ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে সিরিজটি। আগামী ১৮ ডিসেম্বর থেকে টি-২০ দিয়ে মঠে গড়াবে সিরিজ। সেই হিসেবে পাকিস্তানের হাতে এখনও পুরোপুরি করোনা মুক্ত হয়ে মাঠে নামার সুযোগ আছে।

সূত্র: সমকাল

আর/০৮:১৪/২৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language