উত্তর আমেরিকা

যুবরাজ সালমানের বিরুদ্ধে খাসোগি হত্যা মামলা খারিজ করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ৭ ডিসেম্বর – আলোচিত সাংবাদিক জামাল খাসোগিকে হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে দায়ের একটি মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

স্থানীয় সময় মঙ্গলবার মামলাটি খারিজ করে দেন ওয়াশিংটন আদালতের বিচারক জন বেটস।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে ২০১৮ সালের ২ অক্টোবর খাসোগিকে হত্যা করা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেন তার বাগদত্তা হেতিজে চেঙ্গিস।

মামলায় অভিযোগ করা হয়, সৌদি নেতৃত্ব ও দেশটির কর্মকর্তারা খাসোগিকে আটকে রেখে মাদক প্রয়োগ ও নির্যাতন করে হত্যা করেছেন। এ হত্যাকাণ্ডের পর থেকেই সন্দেহের তীর ছিল যুবরাজ সালমানের দিকে। কারণ, সালমানসহ সৌদি আরবের শাসকগোষ্ঠীর কঠোর সমালোচক ছিলেন খাসোগি।

এমনকি যুবরাজের আদেশে ওই হত্যাকাণ্ড হয়েছিল বলে মনে করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাও। তবে গত সেপ্টেম্বরে সৌদি আরবের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন যুবরাজ সালমান।

এরপর গত ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির আদালতকে জানান, একটি বিদেশি সরকারের বর্তমান প্রধান হিসেবে সৌদি যুবরাজ মার্কিন আদালতের বিচারের আওতা থেকে রেহাই পাবেন।

সালমানকে নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই অবস্থানের ভিত্তিতেই হত্যা মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারক জন বেটস। তিনি বলেন, মামলা থেকে যুবরাজ সালমানকে দায়মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া ঘোষণা প্রত্যাখ্যান করার কোনও ক্ষমতা তার নেই।

জন বেটস বলেন, সৌদি আরবসহ বিদেশি বিভিন্ন বিষয় দেখভালের দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের। এখন যদি আদালত সৌদি যুবরাজের দায়মুক্তির বিষয়ে বিপরীত কোনও সিদ্ধান্ত দেয়, তা সরকারের ওই দায়িত্ব পালনে হস্তক্ষেপ হবে। তাই এই মামলা নিয়ে ভিন্ন কোনও সিদ্ধান্ত দেওয়ার উপায় তার হাতে নেই।

খাসোগি হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকে শক্ত অবস্থানে ছিল মার্কিন সরকার। গত বছরেই এই হত্যাকাণ্ড নিয়ে একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রতিবেদনে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান খাসোগিকে হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন- এমন প্রমাণ পাওয়া গেছে। যদিও ওই দাবি নাকচ করেছিল সৌদি সরকার।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ৭ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language