জাতীয়

প্রথম ধাপের পৌর ভোট ২৮ ডিসেম্বর

ঢাকা, ২২ নভেম্বর – সারাদেশে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) প্রথম ধাপে ২৫টি পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ ডিসেম্বর ও মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এর মধ্যদিয়ে তৃণমূলে শুরু হলো নির্বাচনি লড়াই। যদিও করোনাভাইরাস সংক্রমণের প্রভাব এ নির্বাচনে পড়বে বলে শঙ্কা রয়েছে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রবিবার সন্ধ্যায় তফসিল অনুমোদন করেন। এরপরই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন। এর মধ্য দিয়ে সারাদেশে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হলো। ইসির সিনিয়র সচিব জানিয়েছেন, এবার ৪-৫ ধাপে সারাদেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ২৫টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে।

আরও পড়ুন : ডোপ টেস্টে পজিটিভ ৬৮ পুলিশ সদস্যের চাকরি যাচ্ছে!

কতগুলো ধাপে ভোট হবে প্রসঙ্গে তিনি বলেন, ‘ধাপ বলা কঠিন। নানা রকম জটিলতা থাকতে পারে। কোনও পৌরসভার মেয়াদ দুই বছর পর শেষ হবে। তবে ৪-৫ ধাপ লাগবে। চেষ্টা করবো যত কম ধাপে করা যায়।’

তিনি জানান, মার্চ, এপ্রিল বা জুনের মধ্যে যেসব পৌরসভার মেয়াদ শেষ হবে, সেগুলোর নির্বাচন মার্চের মধ্যে করা হবে। নির্দিষ্ট কোনও সংখ্যায় ভাগ করা হয়নি।

যেসব পৌরসভায় ভোট হবে

পঞ্চগড় জেলার সদর, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, দিনাজপুর জেলার ফুলবাড়ী, রংপুর জেলার বদরগঞ্জ, কুড়িগ্রাম জেলার সদর, রাজশাহী জেলার পুঠিয়া ও কাটাখালি, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, পাবনা জেলার চাটমোহর, কুষ্টিয়া জেলা খোকসা, চুয়াডাঙ্গা জেলার সদর, খুলনা জেলার চালনা, বরগুনা জেলার বেতাগী, পটুয়াখালী জেলার কুয়াকাটা, বরিশাল জেলার উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনা জেলার মদন, মানিকগঞ্জ সদর, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড।

সুত্র : বাংলা ট্রিবিউন
এন এ/ ২২ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language