‘কেজিএফ’ ও ‘পুষ্পা’কে পেছনে ফেলা সেই ছবির বিরুদ্ধে চুরির অভিযোগ

হায়দ্রাবাদ, ২৭ অক্টোবর – হুট করেই বক্স অফিসে ঝড় তুলেছে কন্নড় সিনেমা ‘কানতারা’। মাত্র ১৬ কোটি রুপি বাজেটের এই সিনেমা কেজিএফ, পুষ্পাকেও ব্যবাসায়িকভাবে পেছনে ফেলে দিয়েছে ছবিটি। পুরো ভারতজুড়েই এখন এই ছবির জয়গান। দেশটির বাঘা বাঘা সিনে তারকারাও মজেছেন সিনেমাটিতে।
এরইমধ্যে নকলের অভিযোগে অভিযুক্ত হলো ‘কানতারা’। সিনেমাটির নির্মাণ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গান চুরির অভিযোগ আনল কেরালার ব্যান্ড থাইক্কুদম ব্রিজ। এ বিষয়ে ব্যান্ডের পেজ থেকে ইনস্টাগ্রামে একটি পোস্টও করা হয়।
ব্যান্ডটির পক্ষ থেকে জানানো নয়, ‘কানতারা’র সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই। কিন্তু থাইক্কুদম ব্রিজের ‘নবরসম’ গানটির সঙ্গে সিনেমাটির ‘বরাহ রূপম’ নামে একটি গানের অবাক করা মিল পাওয়া গিয়েছে।
দক্ষিণী এই সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গ করার অভিযোগ এনেছে ব্যান্ডটি। আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তারা। অভিযোগ, ‘কানতারা’র গানটির জন্য ব্যান্ডটিকে কোনো কৃতিত্ব দেওয়া হয়নি। উল্টো ‘বরাহ রূপম’কে প্রচার করা হচ্ছে মৌলিক গান বলে।
বিতর্কিত পোস্টটি পড়ার পরেই নড়েচড়ে বসেছে নেটিজেনরা। ইনস্টাগ্রামে ব্যান্ডটির উদ্দেশে একজন লিখেছেন, “আমিও এই একই কথা ভাবছিলাম। যারা দু’একবারও ‘নবরসম’ শুনেছেন, তারাও দুটি গানের মধ্যে মিল খুঁজে পাবেন। আশা করি, আপনারা সুবিচার পাবেন।” অন্য এক ব্যক্তির বক্তব্য, “নবরসম’ গানটি আমার খুবই পছন্দের। মনে হচ্ছিল, সিনেমাতে সেই গানেরই অন্য একটি সংস্করণ শুনছি।”
এম ইউ/২৭ অক্টোবর ২০২২









