ঢালিউড

নেটদুনিয়ায় সাড়া ফেলেছে ‘দামাল’র ট্রেলার

ঢাকা, ১৭ আগস্ট – ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু সাহিত্যিক ফরিদুর রেজার সাগরের মূল গল্পে নির্মিত হয়েছে ‘দামাল’ সিনেমা। সদ্য মুক্তি পেয়েছে এর ট্রেলার। ২ মিনিটের ট্রেলারটি দেখে নেটিজনরা বলছেন, ‘দুর্দান্ত’!

নেটিজেনরা বলছেন, নিজের দেশের মুক্তিযুদ্ধকালীন ফুটবল টিম নিয়ে তৈরি হওয়া সিনেমাটি ভাবতেই অসাধারণ ভালো লাগছে। ট্রেলার দুর্দান্ত হয়েছে। সিনেমাটিও আগ্রহ বাড়িয়েছে। আবার কেউ, এমন কনসেপ্ট নিয়ে সিনেমা বানানোর জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানাতেও ভুলছেন না। ফেসবুক ও ইউটিউবে মঙ্গলবার বিকেলে উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে লুফে নিয়েছেন নেটিজেনরা।

মূলত মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকছে ‘দামাল’-এ। এতে দেখা যাবে, ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করা হয়। যেটি ইতিহাসের অংশ। ঘটনাটি অনেকের কাছে অজানা। সেই অজানা সত্য ঘটনাই উঠে আসবে ‘দামাল’-এ।

‘দামাল’র যৌথ চিত্রনাট্য করেছেন লেখক নাজিম উদ দৌলা এবং পরিচালক রায়হান রাফী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা ক্রুজ, বৃষ্টি প্রমুখ।

গত ৮ আগস্ট চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পায় ‘দামাল’। সিনেমা দেখে সেন্সর বোর্ডের সদস্যরা মুগ্ধ হন। নির্মাতা জানান, ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রাফী।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ আগস্ট ২০২২

Back to top button
🌐 Read in Your Language