সংগীত

প্রবাসীদের নিয়ে লিখলেন রনি, গাইলেন বাবু

ঢাকা, ২৮ জুন – ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে প্রবাসীদের নিয়ে গীতিকার রনি রেজার গান ‘দেশ থেকে বহুদূর…’। গানটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে লেখা গানটিতে সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী। সঙ্গীতায়োজনে ছিলেন মিনহাজ জুয়েল।

গানটি প্রকাশ করা হবে প্রবাস টাইমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। জানা গেছে, গানটিতে প্রবাসীদের হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার কথা উঠে এসেছে। এক কথায় একজন প্রবাসীর বাস্তব চিত্র ফুটে উঠেছে এই গানটিতে।

এর আগেও রনি রেজার লেখা একাধিক গান জনপ্রিয়তা পেয়েছে। রনি রেজা বলেন, এক কোটির ওপর প্রবাসী বাঙালি রয়েছে বিভিন্ন দেশে। আপনজনের মায়া ত্যাগ করে, আপন ভূমি ছেড়ে; সমস্ত দুঃখ কষ্ট বুকে চাপা দিয়ে তারা উপার্জন করে যাচ্ছেন কেবল আপনজনের মুখে একটু হাসি ফোটানোর জন্য। তাদের সত্যিকার কষ্টটাও হয়তো আমরা অনেকে অনুভব করতে পারি না। এই অনুভবের জায়গা থেকেই গানটি লেখা।

অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, গানটির কথা আমার খুব পছন্দ হয়েছে। প্রবাসীদের নিয়ে অনেক গান হলেও এটি ভিন্ন রকমের। আশা করছি সবার ভালো লাগবে।

এম এস, ২৮ জুন

Back to top button
🌐 Read in Your Language