বিজ্ঞান ও প্রযুক্তি

ইলন মাস্কের অধীনে টুইটারের ভবিষ্যৎ ‘অন্ধকার’

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ইনকরপোরেশনের প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগরাওয়াল কর্মীদের সতর্ক করে বলেছেন, ধনকুবের এলন মাস্কের অধীনে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ভবিষ্যৎ অনিশ্চিত।

গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার মালিক এলন মাস্ক টুইটার কেনার যে প্রস্তাব দিয়েছিলেন, সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্মতি জানানোর পর আগরাওয়ালের এ বক্তব্য আসে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, কোম্পানিজুড়ে আয়োজিত একটি টাউন হল সভায় টুইটারের সিইও কর্মীদের উদ্দেশে এ সতর্ক বাণী দেন, যা উপস্থিত রয়টার্সের সাংবাদিক শুনেছেন।

সোমবার ৪ হাজার ৪০০ কোটি ডলার (৪৪ বিলিয়ন) খরচ করে টুইটারের মালিক হয়ে যাওয়া মাস্ক কোম্পানিটিকে ব্যক্তি মালিকানায় পরিচালনার ঘোষণা দিয়ে আসছেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, টুইটারের কর্মীদের সঙ্গে পরে কোনো এক সময় প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন মাস্ক।

কোম্পানি নিয়ে মাস্কের পরিকল্পনা, ছাঁটাইয়ের আশঙ্কা ও বিক্রির চুক্তি প্রসঙ্গে পরিচালনা পর্ষদের যুক্তি নিয়ে আগরাওয়াল কর্মীদের প্রশ্ন শোনেন, তিনি অনেক প্রশ্ন এড়িয়ে যান। তিনি বলেন, এসব প্রশ্ন মাস্কের কাছেই করা উচিত।

মাস্ক জানান, তিনি বিশ্বাস করেন টুইটার বাক স্বাধীনতার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে। সোমবার কর্মীরা আগরাওয়ালের কাছে জানতে চান, মাস্ক টুইটার অধিগ্রহণ করার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি আবার টুইটারে ফেরার সুযোগ দেয়া হবে। ট্রাম্প টুইটার থেকে স্থায়ীভাবে বরখাস্ত হয়েছেন।

আগরাওয়াল বলেন, ‘চুক্তির প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা জানি না প্ল্যাটফর্মটি কোন দিকে এগোবে। আমি বিশ্বাস করি, যখন এলনের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হবে, তাকে এই প্রশ্নটি করা উচিত আমাদের।’ ছাঁটাইয়ের কোনো পরিকল্পনা এ মুহূর্তে নেই বলেও কর্মীদের আশ্বস্ত করেছেন টুইটার সিইও।

এম এস, ২৬ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language