সংগীত

ভাইরাল গানের অস্থিরতায় একটু দম নিচ্ছিলাম : তৌসিফ

ঢাকা, ১৫ এপ্রিল – ‘বৃষ্টি ঝরে যায় দু’চোখে সখী গো’ এবং ‘দূরে কোথাও আছি বসে, হাত দুটি দাও বাড়িয়ে’ গান দুটি গেয়ে রাতারাতি তরুণ শ্রোতামহলে পৌঁছে যান গায়ক তৌসিফ আহমেদ। এরপর বেশ কিছু রোমান্টিক-বিরহ মুডের গান দিয়ে প্রতিষ্ঠা পেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি তিনি লেখেন, সুর ও সংগীতায়োজন করেন। তবে দীর্ঘদিন ধরেই এই গায়ক রয়েছেন আলোচনার বাইরে।

পাঁচ বছর পর এবার ঈদে আসছে তৌসিফের নতুন গান ‘ভালোবাসো কি না’। তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন টফি রেনার।

দীর্ঘ বিরতি প্রসঙ্গে এই গায়ক গণমাধ্যমকে জানান, ‘ভাইরাল গানের অস্থিরতায় একটু দম নিচ্ছিলাম। এর মাঝে ভালো গান শ্রোতারা শুনবে কি না সেটা নিয়েও দ্বিধা-দ্বন্দ ছিল। এ ছাড়া এই সময়টা আমার পরিবারকে দিয়েছি। ভেবেছি কোন গান দিয়ে ফিরে আসা যায়। তারপর তারেক আনন্দ ভাইয়ের সঙ্গে এই গান হয়ে গেল।’

তিনি যোগ করেন, ‘শ্রোতাদের সঙ্গে দেখা হচ্ছে ঈদে ‘ভালোবাসো কি না’ গানের মাধ্যমে। আমার গান যারা পছন্দ করেন, আমার পক্ষ থেকে গানটি তাদের ঈদ উপহার।’

পহেলা বৈশাখে গানটির টিজার প্রকাশ হয়েছে। আসছে ঈদে মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।

প্রসঙ্গত, ছোটবেলায় বাবার হাতেই তৌসিফের সংগীতে হাতেখড়ি। ২০০৭ সালে প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’। এরপর প্রতিবছরই একটি করে অ্যালবাম প্রকাশ করতেন তিনি। মাঝে বেশ কয়েক বছর বিরতি দিয়ে আবার নতুন চমক নিয়ে ফিরছেন।

এম এস, ১৫ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language