নাটক

ওটিটি প্ল্যাটফর্মে নতুন ধারাবাহিক

ঢাকা, ০৬ এপ্রিল – নৈতিকতা ও ধর্মানুভূতি মানুষের মনে সঞ্চার করে আনন্দ, জীবনে এনে দেয় প্রশান্তি। কিন্তু জীবনের অযাচিত চাহিদা ও লৌকিকতা নিয়ে যায় ধ্বংসের শেষ প্রান্তে। সেই চিরচেনা সত্যকে নতুন করে উপলব্ধি করার জন্য দেশ সেরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ নিয়ে এসেছে ২৫ পর্বের ধারাবাহিক ‘মন কাবা’।

লিটু সাখাওয়াতের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় বঙ্গ অরিজিনাল ধারাবাহিকে অভিনয় করেছেন—শর্মিলী আহমেদ, আজিজুল হাকিম, শহিদুল আলম সাচ্চু, মিলি বাশার, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, এলেন শুভ্র, সাদ নওভী, শরাফ আহমেদ জীবন, মাখনুন সুলতানা মাহিমা, অলংকার চৌধুরী, নাদিয়া আফরিন মিম, আশরাফুল আশীষ, আনোয়ার হোসেন প্রমুখ।

নাটকটির গল্প এগিয়েছে আমজাদ সাহেব ও সালেক সাহেবের পরিবার এবং আশেপাশের মানুষদের ঘিরে। সৎ ও ধার্মিক আমজাদ সাহেব তার পরিবারকে নিয়ে বাঁচতে চান সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল ধর্মীয় মূল্যবোধের আলোকে। অপরদিকে সালেক সাহেবের দৃষ্টি শুধু খ্যাতি, সম্পদ ও প্রতিপত্তির দিকে। তবে দুটি পরিবারের সদ্য তারুণ্যে পা রাখা সন্তানদের আছে নিজস্ব জগৎ। পরিবারের গণ্ডি থেকে তারা বেরিয়ে নিজের মতো করে বাঁচতে চায়, কিন্তু পথ জানা নাই। এই পথ খোঁজার মধ্য দিয়ে দুই পরিবারের সন্তানদের মধ্যে তৈরি হয় মেলবন্ধন। কিন্তু পরিবার দুটির ভিন্ন জীবন-আচরণের কারণে দেখা যায় নানা জটিলতা।

বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘‘আদর্শ, জ্ঞান ও মূল্যবোধ আমাদেরকে সুন্দর শান্তিপূর্ণ জীবনের দিকে ধাবিত করে। বঙ্গ সবসময় ধর্মীয় মুল্যবোধের উপর শ্রদ্ধাশীল। আমাদের উচিৎ জ্ঞান ও মূল্যবোধের এই ধারা সকলের মাঝে ছড়িয়ে দিয়ে সবাইকে অনুপ্রাণিত করা। একজন সত্যিকারের মানুষ হয়ে দেশ ও সমাজ গঠনে নিজেদের অবদান রাখা। আর সেই সদিচ্ছা থেকেই মাহে রমজান নিয়ে এসেছি ‘মন কাবা’। আশা করি, দর্শকরা পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে নাটকটি উপভোগ করবেন।’’

গত ৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাভিশনে প্রচার হয়েছে ধারাবাহিকটির প্রথম পর্ব। আগামী ৭ এপ্রিল থেকে বঙ্গর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এটি।

এম এস, ০৬ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language