নতুন গানে তিন্নি, সঙ্গে মিলন
ঢাকা, ০৬ নভেম্বর- নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সময়ের তরুণ শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। তার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ‘সখি ভালোবাসা কারে কয়’ খ্যাত মোহাম্মদ মিলন। এরইমধ্যে গানটির স্টুডিও ভার্সন রেকর্ড হয়েছে।
গানের শিরোনাম ‘তোমাকে চাই’ ; গানের কথা লিখেছেন মামনুন আফনান রুমী আর মিলনের সুরে সংগীতায়োজন করেছেন রনি হোসেন। গান ভিডিওটির স্টুডিও ভার্সন নির্মাণ করেছেন খান মাহি।
তিন্নি বলেন, মিলন ভাইয়ার সাথে এটি আমার প্রথম গান। একজন নতুন শিল্পী হিসেবে ভাইয়ার অনেক সাপোর্ট পেয়েছি। আমাদের নতুন এই গানটি সবার ভালো লাগবে আশা করি।
২০১৭ সালে ‘ফিজ আপ চ্যানেল আই সেরাকণ্ঠ’ তে অংশ নিয়ে তিন্নি স্থান করে নেন গ্র্যান্ড ফিনালেতে। বিজয়ী না হলেও কণ্ঠের মাধুর্যতায় সকলের মন জয় করে হয়ে উঠেন প্রিয়।
আরও পড়ুন : সৌমিত্রকে নিয়ে সুখবর দিলেন চিকিৎসকরা
এরইমধ্যে প্রকাশ পেয়েছে তার তিনটি মৌলিক গান। নিদয়া নিঠুর, শরৎ আমার স্নিগ্ধতা ও মেঘমালা তিনটি গানেই হয়েছেন প্রশংসিত। এরমধ্যে শাহরিয়ার রাফাতের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া তিন্নির ‘মেঘমালা’ গানটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত ‘বিয়ে’ নাটকেও ব্যবহৃত হয়েছে। গানটির জন্য সর্বমহলে বেশ প্রশংসিত হচ্ছেন তিনি।
খুব শিগগিরই আরও বেশকিছু নতুন গান নিয়ে হাজির হবেন সুকণ্ঠি এই গায়িকা। এরমধ্যে নতুন কিছু মৌলিক গানের কাজ শেষ হয়েছে। এছাড়াও থাকছে কিছু কাভার গান।
আডি/ ০৬ নভেম্বর









