জাতীয়

তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১৪ জুন – ইসলামী ব্যাংকে সৃষ্ট আস্থাহীনতা ও তারল্য সংকট মোকাবিলায় আড়াই হাজার কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সহায়তার এই অর্থের মধ্যে ২ হাজার কোটি টাকা নগদ হিসেবে এবং বাকি ৫০০ কোটি টাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস সেবা সচল রাখতে প্রদান করা হয়েছে। সম্প্রতি ব্যাংকটির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন ও নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমের নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

এর প্রভাবে মাত্র এক সপ্তাহে ব্যাংকটি থেকে প্রায় ৫ হাজার কোটি টাকার আমানত প্রত্যাহার করে নেওয়া হয়। ব্যাপক পরিমাণ আমানত উত্তোলনের ফলে ব্যাংকটির তারল্য ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি দেখা দেয়। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর উদ্বৃত্ত থাকার কথা থাকলেও বর্তমানে তা ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে।

আগে এই পরিমাণ ছিল প্রায় ৭ হাজার কোটি টাকা। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়ে আবেদন করেছিল। এর আগে গত ২৪ মে ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান পদত্যাগ করলে মো. খুরশীদ আলমকে নতুন দায়িত্ব দেওয়া হয়।

তবে এই নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ চলছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইসলামী ব্যাংকে কোনো অবৈধ হস্তক্ষেপ করা হয়নি। নিয়ম মেনেই প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে বলে তিনি দাবি করেন।

এস এম/ ১৪ জুন ২০২৬


Back to top button