মেসির কঠিন সময় কষ্ট দেয় পেদ্রিকে

গত বছরের জুলাইয়ে বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেওয়ার পর থেকে বল পায়ে নিজের সেরা ছন্দে নেই লিওনেল মেসি। ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত মাত্র ৭ গোল করেছেন মেসি।
ইতোমধ্যে চ্যাম্পিয়নস লিগ থেকে বেরিয়ে গেছে মেসির পিএসজি। যার ফলে পিএসজির মাঠে দুয়োও শুনতে হয়েছিল এই তারকা ফুটবলারকে। মেসির এমন খারাপ সময় দেখা কষ্টকর, এমনটাই জানিয়েছেন বার্সায় মেসির সাবেক সতীর্থ পেদ্রি।
লা ভেঙ্গারদিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে নিজের সেরা রূপে দেখতে না পারার কষ্ট নিয়ে পেদ্রি বলেন, ‘এটা সত্য যে, যখন আপনার বন্ধুর কোনোকিছুই সঠিকভাবে যাচ্ছে না, আমি স্বীকার করি, এটা কিছুটা হলেও কষ্ট দেয়।’
মেসি দ্রুতই আবার সেরা ছন্দে ফিরে আসবে জানিয়ে পেদ্রি আরও যোগ করেন, ‘আমি লিওর সঙ্গে মাঠে ও মাঠের বাইরে দারুণ কিছু সময় কাটিয়েছি। সে খুবই চমৎকার একজন মানুষ। তাই আমি আশা করছি, সে নিজের সেরাটায় ফিরে আসবে আবার। আমি তার সঙ্গে খেলে খুবই আনন্দ পেয়েছি এবং এটা গর্বের বিষয় যে, তাকে সহযোদ্ধা হিসেবে পেয়েছি।’
বর্তমানে একসঙ্গে না খেললেও সুযোগ পেলেই মেসির খেলা দেখেন জানিয়ে পেদ্রি আরও যোগ করেন , ‘আমি যখনই সময় পাই, আমি তার ম্যাচ দেখি। কারণ, আপনি অনেক কিছু শিখতে পারেন, যদি আপনি বিশ্বের সেরা ফুটবলারটির খেলা দেখেন।’
বার্সায় মেসির অনুপস্থিতিতে পেদ্রি বর্তমানে দলটির অন্যতম প্লেমেকার হিসেবে খেলছেন। জাভির অধীনে বার্সা এই মুহূর্তে আছে দারুণ ফর্মেও।
সূত্র : আরটিভি
এম এস, ২৮ মার্চ









