আবারও পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

তেহরান, ২৬ এপ্রিল – ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দুই দিনের ব্যবধানে আবারও পাকিস্তান সফরে আসছেন। ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের তথ্য অনুযায়ী, ওমান সফর শেষ করে তিনি পুনরায় পাকিস্তানে পৌঁছাবেন এবং সেখান থেকে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। গত শুক্রবার রাতে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলসহ ইসলামাবাদে এসেছিলেন আরাগচি।
শনিবার তিনি পাকিস্তান ত্যাগ করার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার একটি ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সেই আলোচনায় তাৎক্ষণিক কোনো বড় সাফল্য বা ব্রেকথ্রু না আসায় তিনি ওমানে চলে যান। এর আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেন। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আরাগচি রোববার সন্ধ্যার দিকে পুনরায় ইসলামাবাদে পৌঁছাতে পারেন।
সেখানে তিনি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে পুনরায় আলোচনায় বসবেন বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি কোনো বৈঠকের সম্ভাবনা নেই বলে জানা গেছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের দাবিগুলো মাত্রাতিরিক্ত।
অন্যদিকে ওয়াশিংটন মনে করছে তেহরানের দাবিগুলো অগ্রহণযোগ্য। এমন মতবিরোধের মাঝেও পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে। ফলে কূটনীতির পথ এখনো খোলা রয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার আরাগচির সঙ্গে আসা প্রতিনিধি দলের সদস্যরা এরই মধ্যে ইরানে ফিরে গিয়ে সরকারের সঙ্গে পরামর্শ করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রীর আগমনের সময় তাদেরও ইসলামাবাদে ফেরার কথা রয়েছে।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬









