তাসকিনকে আইপিএল থেকে প্রস্তাব, যা জানাল বিসিবি

ঢাকা, ২১ মার্চ – আইপিএলের জন্য তাসকিন আহমেদকে ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও অ্যাভেলেবল থাকবেন। সোমবার (২১ মার্চ) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এ বিষয়ে বলেন, ‘আপনারা জানেন যে লখনউ দল তাকে চেয়েছিল। সেটা বিসিসিআই আমাদেরকে জানিয়েছিল। কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকায় আমাদের দুটো টেস্ট আছে, একটা ওয়ানডে আছে। আমরা চাইব না যে এই সিরিজ বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক।’
‘জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই এক নম্বর। এর সাথে কোন কিছুর কম্পেয়ার হয় না। সুতরাং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তাকে বলেছি, এই সিরিজটা চালিয়ে যেতে এবং সে এই সিরিজটা চালিয়ে যাবে’—আরও যোগ করেন জালাল।
ইংল্যান্ডের পেসার মার্ক উডকে আইপিএল শুরুর আগেই হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। তার স্থলাভিষিক্ত হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি নতুন এই ফ্র্যাঞ্চাইজি। তারা সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তাসকিনকে চায়। লখনউ পুরো মৌসুমের জন্যই চেয়েছে বাংলাদেশি স্পিড স্টারকে। আজই সেই সিদ্ধান্ত জানাতে হতো। এখন বিসিবি ছাড়পত্র না দেওয়াতে তাসকিন ইতোমধ্যে তা জানিয়ে দিয়েছেন।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘তাসকিন তাদের জানিয়ে দিয়েছে সে খেলবে না, যেতে পারছে না। সে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলবে। আইপিএলে খেলার বিষয়টি তাকে প্রথম যখন জানানো হলো, তখন বোর্ড সভাপতি কথা বলেছেন, আমি কথা বলেছি, টিম ম্যানেজমেন্ট কথা বলেছে। সে বুঝতে পেরেছে যে জাতীয় দলে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ আইপিএল থেকে।’
ফিটনেসে অভাবনীয় পরিবর্তন এনে তাসকিন যেন ফিরেছেন নতুন রুপে। বল হাতে গতির ঝড় তুলছেন ২২ গজে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে জয়ের অন্যতম নায়ক তিনি। ৭ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট। তার এমন পারফরম্যান্সই হয়তো নজর কেড়েছে লখনউর। কিন্তু দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য এবারের আইপিএলকে না করতে হলো তাসকিনের।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২১ মার্চ









