ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুলের যাত্রা শুরু

কুষ্টিয়া, ২০ মার্চ – সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্কুলের যাত্রা শুরু করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্কুল কার্যক্রম চলছে। জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এই স্কুলের যাত্রা হয়েছে।
স্কুল কার্যক্রম শুরুর দিন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির পালন করেছে ইবি সিআরসি। ছিল মার্বেল দৌড়, চকলেট দৌড়, বল নিক্ষেপ ও সাংস্কৃতিক প্রতিযোগীতা। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সকলের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী দুইটি গ্রাম থেকে প্রায় অর্ধশত শিশু অংশ নেয়। স্থানীয় যেকোনো শিশু বিনাবেতনে পড়ার সুযোগ পাচ্ছেন এখানে।
স্কুল কার্যক্রমের সঙ্গে রয়েছেন সংগঠনটির সভাপতি আতিকুর রহমান, অর্থ সম্পাদক রনি সাহা, সাবেক সভাপতি ইবনে মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসাইন, প্রচার সম্পাদক আবদিম মুনিবসহ অন্য স্বেছাসেবকরা।
এ বিষয়ে সংগঠনের সভাপতি আতিকুর রহমান বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, আমরা সেই প্রচেষ্টা করে যাবো। সপ্তাহে তিন দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদান করানো হবে, একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষাদান করা হবে।’
সূত্র : রাইজিংবিডি
এম এস, ২০ মার্চ









