রোমাঞ্চ ছড়ানো ম্যাচে আশরাফুলদের জয়

ঢাকা, ১৯ মার্চ – জয়ের জন্য ব্রাদার্স ইউনিয়নের তখন প্রয়োজন ৩০ বলে ৩১ রান। হাতে আছে ৬ উইকেট। সমীকরণ দেখে সহজ মনে হলেও শাইনপুকুর ক্রিকেট ক্লাব তা কঠিন করে ছাড়লো। দুই সেট ব্যাটসম্যানসহ ১৭ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার আভাস দিয়েছিল শাইনপুকুর।
শেষ পর্যন্ত আবু হায়দার রনির দৃঢ়তায় রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে ৫ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আশরাফুলের দল ব্রাদার্স ইউনিয়ন।
শনিবার (১৯ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয় দল দুটি। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শাইনপুকুর ৬ উইকেট হারিয়ে ২৮০ রান করে। রান তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স।
রনি ৯ বলে ১৪ ও নাইম ইসলাম জুনিয়র ৪ রানে অপরাজিত ছিলেন। শেষ দিকে দ্রুত উইকেট হারানোর ফলে শঙ্কা জাগে ব্রাদার্স শিবিরে। তবে সেটা দ্রুত কেটে যায় রনির দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে। রান কম হলেও এটি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী গুরুত্বপূর্ণ। শেষ ওভারের প্রথম বলে সিকান্দার রাজাকে লং অনে চার মেরে জয় এনে দেন রনি।
ব্রাদার্সের জয়ের ভিত অবশ্য গড়ে দিয়েছেন দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও সাদিকুর রহমান। দুজনের ফিফটিতে ওপেনিং জুটি থেকে আসে ১৫৯ রান। ৭৩ বলে সর্বোচ্চ ৮৪ রান করা সাদিকুর আউট হলে ভাঙে এই জুটি। মাত্র ৩৫ বলে ফিফটি করেছিলেন সাদিকুর। তার হাতেই ওঠে ম্যাচসেরার পুরষ্কার। আরেক ওপেনার ইমতিয়াজের ব্যাট থেকে আসে ৭৮ রান। তিনি ফিফটি করেন ৫৩ বলে।
তিনে নেমে মায়শুকুর রহমান খেলেন ৪৮ রানের ইনিংস। মাঝে আশরাফুল-আমিনুল বিপ্লব ফেরেন দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগেই। মায়শুকুর সতীর্থ ধীমান ঘোষকে নিয়ে এগোতে থাকেন। তবে পরপর দুজনেই আউট হওয়াতে বিপদ বাড়ে। শেষ পর্যন্ত রনি সব শঙ্কা উড়িয়ে জয় এনে দেন। শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন নাঈম হাসান ও সিকান্দার রাজা।
এর আগে তিন ফিফটিতে ভর করে ব্রাদার্সকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল শাইনপুকুর। ওপেনার রাকিন আহমেদ ২ রান করে ফিরলে আনিসুল ইসলাম জুটি গড়েন তিনে নামা তাসামুল হকের সঙ্গে। দুজনে থামেন ফিফটি করে। ৫১ বলে ৫১ রান আসে আনিসের ব্যাট থেকে। ৬৮ রান করেন তাসামুল। ৫২ বলে ফিফটি করা সিকান্দার রাজা সর্বোচ্চ ৭৪ রান করে অপরাজিত ছিলেন। ৬৫ বলে এই রান করেন তিনি। তার ইনিংসে ৪টি ছয় ও ৩টি চারের মার ছিল। এ ছাড়া ৪৩ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।
ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আমিনুল ইসলাম বিপ্লব। এ ছাড়া সাকলাইন সজীব ২ ও ইরফান হোসেন নেন ১টি উইকেট।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৯ মার্চ









