‘এক্স ফ্যাক্টর’ সাকিবকে মিস করবেন তাসকিন

ঢাকা, ১১ মার্চ – আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে অলরাউন্ডার সাকিব আল হাসানকে খুব মিস করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ।
সাকিবকে ‘এক্স ফ্যাক্টর’ উল্লেখ করে তাসকিন জানান, সাকিব সবসময়ই একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই দুর্দান্ত পারফরমেন্স করেন তিনি।
তাসকিন বলেন, ‘আমরা তাকে অনেক মিস করব। সাকিব ভাই সবসময়ই এক্স ফ্যাক্টর। তাকে পাওয়া যে কোন দলের জন্যই অনেক বড় কিছু।’
মানসিক ও শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি।
শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা সফরই নয়, ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বেশ কিছু ম্যাচে খেলতে পারবেন না সাকিব।
এর আগে সাকিব নিজেই বিশ্রাম চেয়েছিলেন। শারীরিক ও মানসিকভাবে ভাল অবস্থানে নেই। সেরা ফর্মে ফিরতে একটি বিরতি দরকার জানিয়ে বিশ্রাম চান সাকিব।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১১ মার্চ









