ক্রিকেট

৩০ মার্চ এমসিজিতে ওয়ার্নের শেষ বিদায়

মেলবোর্ন, ১০ মার্চ – অবশেষে চূড়ান্ত হয়েছে শেন ওয়ার্নকে শেষ বিদায় জানানোর ভেন্যু ও সময়সূচি। কিংবদন্তি লেগস্পিনারের ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আগামী ৩০ মার্চ রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে শেষ বিদায়।

ভিক্টোরিয়া রাজ্যের সরকার প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস নিশ্চিত করেছেন এ খবর। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় এটি জানান তিনি।

ড্যানিয়েল লিখেছেন, ‘ওয়ার্নিকে বিদায় জানানোর জন্য ‘জি’-র (এমসিজিকে অনেকেই শুধু জি নামে ডাকেন) চেয়ে বেশি উপযুক্ত জায়গা বিশ্বে আর কোথাও নেই।’

ওয়ার্নের শেষ বিদায়ের এই অনুষ্ঠানের টিকিট সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রায় এক লক্ষ ধারণক্ষমতার এই স্টেডিয়ামে দর্শকসংখ্যায় কোনো বাঁধাধরা থাকবে না বলে জানানো হয়েছে।

এ বিষয়ে ড্যানিয়েলের ভাষ্য, ‘এটা খুব বড় একটা অনুষ্ঠান হবে। এটা তার (ওয়ার্ন) জীবনের উদযাপন হবে, যেমনটা হওয়া উচিত।’

১৯৯৪ সালে বিখ্যাত অ্যাশেজ হ্যাটট্রিক এবং ২০০৬ সালে বক্সিং ডে টেস্টে নিজের ৭০০তম উইকেট মেলবোর্নের মাঠেই নিয়েছিলেন ওয়ার্ন। এছাড়াও তার ক্যারিয়ারের অনেক উল্লেখযোগ্য মুহূর্ত ছিল এমসিজিতে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১০ মার্চ


Back to top button
🌐 Read in Your Language