জাতীয়

করোনায় একদিনে মৃত্যু ১৩, শনাক্তের হারও নিম্নমুখী

ঢাকা, ০৫ মার্চ – করোনায় গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৭ জনে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৬ জন নারী।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৬৮ জন। এর ফলে দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৪৬৩ জনের নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৫ লাখ ৬ হাজার ৮০৯টিতে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়। সেদিন থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৪ হাজার ১৮ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জনে।

উল্লেখ্য, আগের দিন শুক্রবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছিলো। শনাক্ত হয়েছিলো ৬০৪ জনের।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এ দিন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৮ জনের। এছাড়া হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়ে কেউ হাসপাতাল ছেড়ে যাননি।

উল্লেখ্য, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৫ মার্চ


Back to top button
🌐 Read in Your Language