জাতীয়

ঢাকায় রাতে বাড়বে মেট্রোরেল চলাচলের সময়, কমবে ট্রেন ছাড়ার ব্যবধান

ঢাকা, ৫ মে – রাজধানী ঢাকার যাতায়াত ব্যবস্থায় স্বস্তি ফেরানো মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। চলতি মে মাসের শেষ দিকে অথবা আসন্ন ঈদুল আযহার পর এই বাড়তি সময় কার্যকর করার বিষয়ে কারিগরি পরীক্ষা নিরীক্ষা চলছে। মূলত রাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও ৪০ থেকে ৫০ মিনিট বাড়ানোর লক্ষ্যে কাজ করছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

এই প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি ঘোষণা করা হবে। পরিকল্পনা অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেনটি বর্তমান সময় ১০টা ১০ মিনিটের পরিবর্তে রাত ১১টায় ছেড়ে যাবে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী দিনের শেষ ট্রেনটি রাত সাড়ে ৯টার বদলে ১০টা ১০ মিনিটে ছাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ভোরের দিকে ট্রেন চলাচলের সময় আপাতত পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে।

সময় বাড়ানোর পাশাপাশি দুটি ট্রেনের মধ্যবর্তী সময়ের ব্যবধান কমানোর উদ্যোগও নিয়েছে ডিএমটিসিএল। বর্তমানে ট্রেনগুলো যে সময়ের ব্যবধানে চলাচল করে, তা ৩০ সেকেন্ড কমিয়ে সাড়ে ৪ মিনিটে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে পিক আওয়ারে ১২ সেট ট্রেন ব্যবহার করা হলেও বর্ধিত সেবা নিশ্চিত করতে তখন ১৪ সেট ট্রেন পরিচালনা করা হবে।

যদিও সক্ষমতা থাকা সত্ত্বেও কেবল জনবল সংকটের কারণে পর্যায়ক্রমে সময় ও ট্রিপ সংখ্যা বাড়ানো হচ্ছে। ডিএমটিসিএলের পরিচালক নজরুল ইসলাম জানান, রাতে দুই প্রান্ত থেকেই চলাচলের সময় বাড়ানোর বিষয়ে মাঠ পর্যায়ে পরীক্ষা চলছে। সব দিক বিবেচনা করে সড়ক পরিবহন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে। উল্লেখ্য যে ২০২২ সালের শেষে যাত্রা শুরু করা এই দ্রুতগামী গণপরিবহনটি ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ যাত্রী সেবা শুরু করে।

এস এম/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language