সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ শুরু

সুনামগঞ্জ, ৫ মে – সুনামগঞ্জে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলার খরচার হাওরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিন মাসব্যাপী এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও নির্ভুলভাবে তৈরি করা হবে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী প্রথম থেকেই হাওরের পরিস্থিতি নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন।
ত্রাণমন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। হাওরে আর ঠিকাদার পোষার প্রকল্প হবে না বরং একে নিরাপদ উৎপাদনের ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হবে। অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সরকারি সহায়তার আওতায় আসে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কাজ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নেবে।
বিভাগীয় কমিশনার আপ্তাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং স্থানীয় সংসদ সদস্যরা।
আলোচনা সভা শেষে অতিথিরা খরচার হাওরে গিয়ে কৃষকদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন।
এনএন/ ৫ মে ২০২৬









