বলিউড

১৫ বছর আগে সালমানকে ফিরিয়ে দিয়েছিলেন দীপিকা

মুম্বাই, ২৩ ফেব্রুয়ারি – বলিউডে অভিনয়ের ১৫ বছর পার করতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে দাপুটে অভিষেক হয় তার। নিজের প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পেয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানকে।

তার পর ১৫ বছর ধরে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দীপিকা। বহু আলোচিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গেহরাইয়াঁ’-ও বক্স অফিসে সফল। এর মধ্যেই দীপিকা খোলাসা করলেন বলিউডে কে তাকে প্রথম কাজের প্রস্তাব দিয়েছিলেন।

‘ওম শান্তি ওম’ দীপিকার জীবনের প্রথম ছবি হলেও, শাহরুখ খান তাকে প্রথম অভিনয়ের প্রস্তাব দেননি। তার আগেই দীপিকাকে চলচ্চিত্রে কাজের প্রস্তাব দিয়েছিলেন সালমান খান। দীপিকা তখন মডেলিং করতেন, তাই সালমানের অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা বলেন, “আমাদের সম্পর্ক বরাবরই বেশ ভাল, এবং আমাকে প্রথম অভিনয়ের প্রস্তাব দেওয়ার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ থাকব। যদিও এটা দুর্ভাগ্যের যে আমি সেই সময়ে ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুত ছিলাম না।”

এন এইচ, ২৩ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language