নাটক

আলোচনায় ফারহানের ‘হৃদ মাঝারে’

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – বাক-প্রতিবন্ধী মানুষ কতটা সংগ্রাম করে বেঁচে থাকেন, সেই গল্পে নির্মিত নাটক ‘হৃদ মাঝারে’ প্রকাশ হয়েছে ভালোবাসা দিবসে। মাহমুদ মাহিনের গল্প ও পরিচালনায় নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার এ সময়ের অন্যতম সেরা অভিনেতা মুশফিক আর ফারহান। সঙ্গে আছেন কেয়া পায়েল।

ভালোবাসা দিবসে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় এ জুটির ‘হৃদ মাঝারে’ নাটকটি। এরপর থেকেই নেটিজেনদের ব্যাপক প্রশংসায় ভাসছেন অভিনেতা মুশফিক আর ফারহান। নাটকটিতে একজন বাক-প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এ প্রসঙ্গে ফারহান বলেন, ‘এটা বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। প্রায় ৬১ মিনিটের নাটকে একজন বোবার চরিত্রে অভিনয় কঠিন ব্যাপার। যখন আমার হাতে চিত্রনাট্য আসে, তখনই মনে হয়েছিল চ্যালেঞ্জিং কাজ।’

চরিত্রটির জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করলেন? এমন প্রশ্নের জবাবে ফারহান বলেন, ‘পরিচালকের সঙ্গে কথা বলে শুটিং শুটে একজন ইন্সট্রাক্টর রাখার কথা বলেছিলাম। কারণ সব সাইন ল্যাঙ্গুয়েজ আমার জানা নেই। যাতে আমাকে ধরিয়ে দিতে পারে। কিন্তু শুটিংয়ে যাওয়ার আগে কাউকে পাওয়া যাচ্ছিল না। তারা তিন দিনের জন্য দেড় লাখ, দুই লাখ করে চার্জ চাচ্ছিল। একটা নাটকে যে বাজেট থাকে, তাতে এই চার্জ এফোর্ট করা কঠিন হয়ে যায়।’

অভিনেতা আরও বলেন, ‘যখন শুটিং করতে যাই প্রতিটি শর্টের আগে গবেষণা করতে হয়েছে। ইউটিউব থেকে সাইন ল্যাঙ্গুয়েজগুলো বের করে পারফর্ম করতে হয়েছে। খুব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। কারণ, মনের কথাগুলো ভাষায় যেভাবে প্রকাশ করতে পারি, সেটা সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানো কঠিন। তবে উপভোগও করেছি। নাটকটা করার পর যারা কথা বলতে পারে না তাদের কষ্টটা মন থেকে অনুভব করতে পেরেছি।’

এমন চ্যালেঞ্জিং কাজ করার পর কেমন সাড়া পাচ্ছেন? ফারহান বলেন, ‘আলহামদুলিল্লাহ্‌, এখন অবধি অনেক মানুষ নাটকটা দেখেছে। পাশাপাশি ইন্ডাস্ট্রির পরিচালক, শিল্পীদের কাছ থেকেও ফোন পাচ্ছি। সবাই আমার অভিনয়ের প্রশংসা করছেন। অনেক রিভিউ পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে। দেশের বাইরে থেকেও সাড়া পাচ্ছি। এখন মনে হচ্ছে, শুটিংয়ের সময় যে কষ্টটা করেছি, সেটা সার্থক হয়েছে।’

ফারহান জানান, এখন পর্যন্ত ভালোবাসা দিবসে প্রকাশ পেয়েছে তার ‘ডিয়ার ভ্যালেন্টাইন’, ‘মনের সাথী’, ‘হৃদ মাঝারে’, ‘তুমি আসবে বলে’ সবগুলোই একটা থেকে আরেকটা আলাদা। অভিনয়, ডায়লগ, পোশাক কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। এটা আমি দায়িত্ব নিয়েই করেছি। কারণ একই জিনিস দেখলে দর্শকরা বিরক্ত হয়। তাই বিশেষ দিবসের কাজে সবসময় সচেতন থাকি।’

এম ইউ/১৯ ফেব্রুয়ারি ২০২২

Back to top button
🌐 Read in Your Language