সিলেট

শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের ১৩ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাৎ

রুমেল আহসান

সিলেট, ১৭ ফেব্রুয়ারী – সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের প্রকল্পের ১৩ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ৯৫৬ টাকা আত্মসাতের অভিযোগে ১১টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে প্রকল্পের বরখাস্ত হওয়া সহকারী প্রধান হিসাবরক্ষক ও হিসাব বিভাগের প্রধান খোন্দকার মুহাম্মদ ইকবাল(৪২), প্রকল্পের বরখাস্ত হওয়া রসায়নবিদ নেছার উদ্দিন আহমদ(৬১), মেসার্স নুসরাত ট্রেডার্সের পরিচালক হালিমা আক্তার(৪০), সানশাইন আইটি সলিউশনের পরিচালক মাসুদ রানা(৩৬) ও মেসার্স মা এন্টারপ্রাইজের পরিচালক মো. হেলাল উদ্দিন।

দুদক সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূর ই আলম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও ভুয়া বিল-ভাউচার তৈরি ও বিল ভাউচার ছাড়াই প্রকল্পের ১৩ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ৯৫৬ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন।

গতকাল বুধবার দুপুরে সিলেট জেলা দায়রা জজ আদালতে মামলা করা হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে খোন্দকার মুহাম্মদ ইকবালকে ১১টি মামলায়, তার স্ত্রী হালিমা আক্তারকে তিনটি মামলা, মো. জমশেদুর রহমান খন্দকারকে দুটি মামলায়, নেছার উদ্দিন আহমদকে একটি মামলায় আসামি করা হয়েছে।

দুদক সিলেট সম্বলিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূর ই আলম বলেন, দীর্ঘ তদন্তের পর জালিয়াতি ও আত্মসাতের অভিযোগ রেকর্ডপত্র ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় ৬ জনের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়েছে। মামলার এজাহার গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পরে আরও তদন্ত করে দুর্নীতি ও আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের আসামি করা হবে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট প্রকল্পের ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাতের অভিযোগ করেছিল দুদক।

সূত্র : সিলেট টুডে
এন এ/ ১৭ ফেব্রুয়ারী


Back to top button
🌐 Read in Your Language