বিচিত্রতা

উড়ন্ত অবস্থায় একঝাঁক পাখির রহস্যময় মৃত্যু (ভিডিও)

আকাশ কালো করে ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছিল কয়েক হাজার পাখি। হঠাৎ করে একে একে তারা আছড়ে পড়ল মাটিতে।

বেশ কিছু পাখি পতন সামলে কোনো মতে উড়ে গেলেও, কয়েক সেকেণ্ড পরে দেখা গেল কয়েকশ পাখির প্রাণহীন দেহ পড়ে আছে শহরের রাস্তায়, বাড়ির ছাদে। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে সম্প্রতি এই ঘটনা ঘটে। ওই ঘটনার লোমহর্ষক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। তবে কীভাবে হঠাৎ এতোগুলো পাখির মৃত্যু হলো তা জানা যায়নি।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি সকালে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল সোয়া ৮টার দিকে ফোনে তারা এই ঘটনার খবর পায়। স্থানীয়রা পুলিশকে ফোন করে হলুদ মুখ ও কালো রঙের একঝাঁক পাখির মৃত্যুর কথা জানায়।

ভিডিও ফুটেজের শেষে দিকে দেখা গেছে, অসংখ্য পাখির নিথর শরীর পড়ে আছে শহরের রাস্তায়, ফুটপাথে, বাড়ির ছাদেও।

তবে স্থানীয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পাখিদের মৃত্যুর কারন উদঘাটন করতে পারেনি। কেন এভাবে মর্মান্তিক মৃত্যু হল পাখিদের তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম গুজব শুরু হয়েছে। ফাইভজি মোবাইল নেটওয়ার্ককে পাখিদের মৃত্যুর কারণ হিসেবে মনে করছেন অনেকে।

এদিকে, মেক্সিকোর একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, হিটার বা এই ধরনের কোনো বৈদ্যুতিক যন্ত্রের তারের সংস্পর্ষে এসে শক লাগায় পাখিদের মৃত্যু হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডে এক প্রতিবেদনে জানায়, শহরের লাগামহীন দূষণই প্রাণ কেড়েছে পাখিদের।

তবে এ ব্যাপারে ইউকে সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির পরিবেশবিদ ড. রিচার্ড ব্রাউটন অন্য কথা বলেছেন। একটি সংবাদ মাধ্যমকে তিনি জানান, ঈগলের মতো কোনো বড় পাখির তাড়া খেয়ে টাল সামলাতে না পেরে কোনো বাড়িতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় পাখির ঝাঁক।

এম এস, ১৭ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language