পরীমণি বিয়ে করলেন কবে

ঢাকা, ১০ জানুয়ারি – বিয়ের খবর না দিয়ে সরাসরি মা হতে যাওয়ার খবর দিলেন বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সন্তানের বাবা কে, তাও জানিয়েছেন তিনি। পরী জানান, অভিনেতা শরিফুল রাজ তার অনাগত সন্তানের বাবা। রাজকে বিয়ে করেছেন বলেও জানিয়েছেন পরী।
কিন্তু কবে বিয়ে করলেন তারা। সেই প্রশ্নে শরিফুল রাজ বলেন, ‘গতবছরের ১৭ অক্টোবর পরীকে আমি বিয়ে করি। আমরা নিজেরা নিজেরা বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছি। আমিই পরীর সন্তানের বাবা।’
তিনি বলেন, ‘পরীমণি আমার সন্তানের মা হচ্ছে। সে মা হওয়ার পর বড় করে আমরা বিয়ের আয়োজন করব।’
এর আগে বিকেলে মা হতে যাওয়ার কথা জানান পরীমণি নিজেই। তখন পরীমণি বলেন, ‘কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। দুপুরে ডাক্তারের কাছে গেলে সুখবরটি পাই। এরপরই সবাইকে জানাই।’
‘এমন খবরে আমি আর রাজ দুজনেই অন্য এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। খবরটি পাওয়ার পর দু’জনের চোখেই জল চলে এসেছিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন’- বলেন পরীমণি।
এদিকে সোমবার দুপুরে দু’জনের একটি ছবি শেয়ার করেন শরিফুল রাজ। নিজের ফেসবুক আইডিতে সেই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী!’
পরীমণী জানান, গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। এরমধ্যে তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর দেন।
এম ইউ/১০ জানুয়ারি ২০২২









