বিয়ের পিঁড়িতে বসছেন এ আর রহমানের মেয়ে

মুম্বাই, ০২ জানুয়ারি – ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী এ আর রহমানের বড় মেয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদেনে জানিয়েছে, গত ২৩ ডিসেম্বর তার বড় মেয়ে ২৩ বছর বয়সী খাদিজা রহমানের সঙ্গে ফায়াজের আংটি বদল হয়।
করোনা ভাইরাসের কারণে চেন্নাইয়ে শুধুমাত্র পরিবারের কাছের সদস্যদের নিয়ে মেয়ের বিয়ে ঠিক করেন এ আর রহমান। এমনকি বিয়েতেও থাকবেন তার কাছের লোকরাই। বড় ধরনের অনুষ্ঠান আপাতত করার ইচ্ছা নেই তার।
বাবার মতো খাদিজাও গানের জগতে নাম লিখিয়েছেন। রোবো ছবিতে ও মারামানিসি/পুথিয়া মানিধা নামক একটি গান দিয়ে অভিষেক হয় তার। এই গানের সুর করেছিলেন বাবা এ আর রহমান। ছবিটিতে অভিনয় করেছেন রজনীকান্ত। খাদিজা যে সময় গানটি গেয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর।
এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর ঘরে আছে দুটি মেয়ে ও একটি ছেলে। তার বড় মেয়ের নাম খাদিজা। ছোট মেয়ের নাম রাহিমা। আর একমাত্র ছেলের নাম আমিন রহমান।
এন এইচ, ০২ জানুয়ারি







