বগুড়া

মেয়ের বিয়েতে ছেলেকে বর সাজালেন বাবা!

বগুড়া, ৩১ অক্টোবর- বগুড়ার শাজাহানপুরে বাল্যবিয়ের বৌভাতের অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে নিজের মেয়ের বিয়েতে ছেলেকে বর সাজিয়েছেন বাবা। গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার চোপীনগর ইউনিয়নের কচুয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামে গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান। তার উপস্থিতি টের পেয়েই মেয়ে ও মেয়ের জামাইকে লুকিয়ে মোটরসাইকেলে পালিয়ে যেতে সাহায্য করেন ব্যবসায়ী রুস্তম আলী। পরে বাল্যবিয়ে ঢাকতে নিজের ছেলেকে বর সাজিয়ে বিয়ের নাটক সাজান তিনি।

এসময় বর-কনেকে না পেয়ে ‘নাটকের বর’কে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে রুস্তম আলী কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, দেড় মাস আগে কচুয়াদহ গ্রামের দাদন ব্যবসায়ী রুস্তম আলীর অপ্রাপ্ত বয়স্ক মেয়ে অথৈ’র (১৫) সঙ্গে বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের শেখ পাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে সাব্বির হোসেনের (২৫) বিয়ে হয়। গতকাল শুক্রবার মেয়ের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। খবর পেয়ে বিকেল ৫টার দিকে ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে মেয়ে ও জামাইকে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন মেয়ের বাবা। এ সময় মেয়ের বিয়ে নয়, ছেলের বিয়ের অনুষ্ঠান হচ্ছে বলে দাবি করেন রুস্তম আলী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান জানান, বাল্যবিয়ে সহযোগিতার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে রস্তম আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

সূত্র : আমাদের সময়
এম এন / ৩১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language