জাতীয়

করোনায় একদিনে কমেছে মৃত্যু ও শনাক্ত

ঢাকা, ১৬ নভেম্বর – দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২৮ জন। একই সঙ্গে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২১৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জনে। মঙ্গলবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ও আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট ২৫ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫৭ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫১ লাখ ২১ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৫৬৩ জন এবং মারা গেছেন ৪১৮ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২১১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৪২০ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ১৬৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৬৬ জন এবং সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৯৯ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১০৫ জন, তুরস্কে ২১৫ জন, ইউক্রেনে ৪৪২ জন, মেক্সিকোতে ৫৮ জন এবং ফিলিপাইনে ১২৮ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সূত্র: বিডি২৪লাইভ
এম ইউ/১৬ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language