ঢালিউড

এবার ‘কমান্ডো’ নিয়ে যা বললেন দেব

ঢাকা, ১৫ নভেম্বর – ঢাকাই সিনেমার চিত্রনায়িকা জাহারা মিতু আর কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। দেশের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার প্রযোজনায় তারা অভিনয় করছেন ‘কমান্ডো’ সিনেমায়। শামীম আহমেদ রনির পরিচালনায় গত বছর মার্চের মাঝামাঝিতে ভারতে শুরু হয়েছিল এর শুটিং। ১১ দিনের দৃশ্যধারণের পর বন্ধ হয়ে যায় এর কাজ।

মাঝে কথা রটে, এর শুটিং নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরপরই সিনেমার কাজ প্রসঙ্গে নায়িকা ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছিলেন। এবার দিলেন নায়ক দেব। তার ভেরিফায়েড টুইটারে এই অভিনেতা লিখেছেন, ‘এখনই না, তবে শিগগির শুটিং শুরু হবে। সঙ্গে থাকুন।’

এ ব্যাপারে জাহারা মিতু বলেন, ‘আজ সোমবার বিকেলে জানা যাবে, “কমান্ডো”র শুটিংয়ের শিডিউল। ছবির নায়ক দেবও এর শুটিংয়ের বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন।’

এদিকে প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘কমান্ডো’র প্রায় ৩০ ভাগ শুটিং শেষ হয়েছে। ২০২০ সালের মার্চে এর প্রথম ধাপের শুটিং হয়। দ্বিতীয় ধাপের শুটিং হওয়ার কথা ছিল সে বছর অক্টোবরেই। কিন্তু করোনার কারণে তা আর হয়নি। আগামী ডিসেম্বরে থাইল্যান্ড ও বাংলাদেশের লোকেশনে বাকি অংশের কাজ শুরুর পরিকল্পনা করছে তারা।

সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘আজ কলকাতায় যাচ্ছি। বিকেলে ছবির পরবর্তী শুটিং শিডিউল নিয়ে ওখানকার কারিগরি টিম ও দেবের সঙ্গে মিটিং করব। এরপর চূড়ান্ত করা হবে এর শুটিং শিডিউল।’

দেব ও মিতু ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন কলকাতার রজতাভ দত্ত, বরুণ ব্যানার্জি, শান্তি লাল মুখার্জি, সদেব মুখার্জি, শিবা শানুসহ অনেকে।

সূত্র : যুগান্তর
এন এইচ, ১৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language