যে কারণে সমন পাওয়ার পরও যাননি আরিয়ান খান

মুম্বাই, ০৮ নভেম্বর – মাদক মামলায় অভিযুক্ত শাহরুখপুত্র আরিয়ান খানকে কিছুদিন আগে জামিনে মুক্তি দিয়েছেন মুম্বাই হাইকোর্ট। এই মামলা তদন্তের দায়িত্ব এসআইটিকে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো( এনসিবি)। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন এনসিবির উপপরিচালক সঞ্জয় সিং। গত শনিবার এসআইটি মাদক মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আরিয়ানকে সমন পাঠিয়ে রোববার এনসিবির দপ্তরে হাজির থাকতে বলেছিল। কিন্তু এই আরিয়ান এদিন এনসিবির দপ্তরে যাননি।
জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে এনসিবির দপ্তরে যেতে পারেননি আরিয়ান। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আরিয়ানের হালকা জ্বর হয়েছে। আর তাই সমন পাওয়ার পরও তিনি এনসিবির দপ্তরে হাজির থাকতে পারেননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবারের পর আরিয়ানকে এসআইটির মুখোমুখি হতে হবে। জামিনের শর্ত অনুযায়ী গত শুক্রবার আরিয়ানকে এনসিবির দপ্তরে হাজিরা দিতে হয়েছিল। এ মামলার অন্যতম মূল অভিযুক্ত আরবাজ মার্চেন্টকেও তারা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাবে বলে জানা গেছে।
এদিকে, এসআইটি মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাতা সমীর খানের বয়ান নিতে পারে বলে জানা গেছে। মাদক মামলায় সমীর খানকে এ বছর জানুয়ারিতে গ্রেপ্তার করেছিল এনসিবি। সম্প্রতি তিনি জামিনে ছাড়া পেয়েছেন। এসআইটি ছয়টি মামলার সঙ্গে যুক্ত সবার বয়ান নেওয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে।
এন এইচ, ০৮ নভেম্বর









