জাতীয়

‘কয়লাবিদ্যুৎ থেকে বেরিয়ে না এলে বাংলাদেশ একঘরে হতে পারে’: পরিকল্পনামন্ত্রী

ঢাকা, ০২ নভেম্বর – পরিবেশের জন্য ক্ষতিকর কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বেরিয়ে না এলে বাংলাদেশকে ‘একঘরে’ অবস্থায় পড়তে হতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জ্বালানি নিরাপত্তায় অর্থায়ন বিষয়ক এক ওয়েবিনারে পরিকল্পনামন্ত্রী আজ বলেছেন, ‘কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বেরিয়ে আসতেই হবে। যদি না আসি আমরা একা হয়ে যাবো। দেখা যাবে সারা দুনিয়া একদিকে, আর আমরা কিছু যন্ত্রপাতি নিয়ে বসে আসি।’

তিনি বলেন, এ জন্য সরকার বিকল্প খুঁজছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কথা বলেছেন। দক্ষিণাঞ্চলে জায়গা খোজা শুরু হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে এটা অনেকটা পরিবেশবান্ধব এবং লাভজনক বিকল্প।

তবে তিনি কিছুটা ক্ষোভের সঙ্গে বলেন, ‘শিল্প বিপ্লবের সময় পরিবেশের ক্ষতি করে বিদ্যুৎ প্রকল্প হয়েছে, যাতে বিশ্বে অল্পসংখ্যক মানুষ উপকৃত হয়েছে। বাংলাদেশের জন্য কিন্তু পরিবেশের ক্ষতি হয়নি।’

সূত্র: ডেইলি স্টার
এম ইউ/০২ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language